
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র ও জনগণের শক্তি নয়। তিনি মনে করেন, এ ধরনের বক্তব্য আসলে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করার অপচেষ্টা।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল নাম। স্বাধীনতা যুদ্ধের সময় বন্দিত্ব থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে তিনি আপসহীন লড়াই চালিয়েছেন। তার হাত ধরেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে যুক্ত হয়। তাই আজও তিনি মানুষের কাছে আলোর দিশারি হয়ে আছেন।
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৬-১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন করেছি, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছে। এখন যদি একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, তবে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। জনগণ সেই গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, যেসব মহল গণতন্ত্রের বিপক্ষে থেকে নির্বাচন নিয়ে নানা সংশয় ছড়াচ্ছে, তারা আসলে জনগণের পক্ষে নয়। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ, আর এর বিরোধীদের প্রতিহত করবে।
তিনি সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই আমাদের প্রধান দায়িত্ব। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।”
দেশ বাংলা অনলাইন 



















