
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি চট্টগ্রামের ভোটার, দলীয় নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা ছিল সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও উল্লেখ করেন,
গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে আপনারা যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তা জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নির্বাচনকালীন সময়ে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে নিরলসভাবে কাজ করা সকলের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























