
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের ব্যতিক্রমী উদ্যোগ ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রম নতুন বছরে পুনরায় শুরু হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার ইউএনও শরীফ উল্যাহ উপজেলার চুনতি ইউনিয়নের বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনকালে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে পড়াশুনার বিষয়ে মতবিনিময় করেন। এসময় তাৎক্ষণিক প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ‘উইনার্স ব্যাগ’ তুলে দেওয়া হয়।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন উম্মে নুসরাত ইসফা (৯ম), জেসিকা বড়ুয়া অর্ষা (৯ম), সাইমা জান্নাত (৯ম), মিজবাহুল জান্নাত (১০ম), উম্মে সাদিয়া (১০ম) ও নুরুন্নাহার আক্তার (১০ম)। উপজেলা নির্বাহী অফিসারের আকস্মিক পরিদর্শন ও প্রতিযোগিতা আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উল্লসিত ও অনুপ্রাণিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্যারের এই উদ্যোগটি সত্যিই অসাধারণ ও অত্যন্ত ব্যতিক্রমী। এর সুফল সুদূরপ্রসারী। আমরা আজকে বুঝতেই পারিনি যে, স্যার আমাদের স্কুলে আসবেন। আমার শিক্ষার্থীরা স্যারের তাৎক্ষণিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। স্যারকে বিশেষ ধন্যবাদ।
ইউএনও শরীফ উল্যাহ জানান, ইতোমধ্যে এবছরের জন্য ‘এভরি ফাইভ ওয়ার্ডস’ কার্যক্রম পুনরায় শুরু করেছি। গত বছরের ধারাবাহিকতায় স্কুল পরিদর্শন ও ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রমও শুরু করেছি। অন্যান্য কার্যক্রমগুলোও অব্যাহত থাকবে। আমি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগগুলোর মাধ্যমে উপজেলার সার্বিক শিক্ষা কার্যক্রমে যেমন গতি সঞ্চার হয়েছে, তেমনি শিক্ষার্থীরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে৷ শিক্ষা ক্ষেত্রে সুদূরপ্রসারী সুফল পেতে হলে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সকলের আন্তরিক সহযোগিতায় এই কার্যক্রমগুলোর ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















