
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য নতুন এই দাম নির্ধারণ করেছে সরকার।
নতুন দাম অনুযায়ী, ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে গত বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে সরকার। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে বিশ্ববাজারের দামের পরিবর্তনের ভিত্তিতে দেশের বাজারে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের এই মূল্যহ্রাস ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশ বাংলা অনলাইন 























