
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটিতে দুদকের পক্ষ থেকে গ্রেফতারি চেয়ে রিকুইজিশন দেয়া হয়েছিল, যার ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, কলিমুল্লাহকে দুদকের দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক যে মামলা দায়ের করেছিল, সেখানে অধ্যাপক কলিমুল্লাহসহ পাঁচজনকে আসামি করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উন্নয়ন প্রকল্পের তৎকালীন পরিচালক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, এবং ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এমএম হাবিবুর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি অনুমোদিত ডিপিপি অনুসরণ না করে প্রকল্পের নকশা পরিবর্তন করেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকারও বেশি চুক্তি সম্পাদন করেন। তাছাড়া ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে জমা দিয়ে তা লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদানের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করেন, যার মাধ্যমে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
দেশ বাংলা অনলাইন 



















