
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করবে নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি,চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,
সরকার জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক জাইকার সহযোগিতায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে চার লেনে সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে।এটি সময় সাপেক্ষ হলেও খুব কম সময়ের মধ্যে লোহাগাড়া অংশে দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় দুই পাশে সড়ক সম্প্রসারণ,গতিরোধক স্থাপন ও ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে চিহ্নিতকরণ সাইনবোর্ড দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এটি ইতিমধ্যে বাস্তবায়নাধীন। এখন আমাদের চালক ভাইয়েরা সচেতন ও দক্ষতা অর্জন করতে পারলেই এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। কমে আসবে প্রাণহানি। তিনি গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা প্রবন এলাকা চুনতীর জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে চুনতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চুনতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন,লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাফিজুল হক নিজামী। বক্তব্য রাখেন আধুনগর জামায়াতে ইসলামীর নেতা শামিম আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















