
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়োগবিধি সংশোধন,টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে লোহাগাড়ার স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪জুন ) সকাল থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আবুল কালাম, সেক্রেটারি আবদুল মোমেন, অর্থ সম্পাদক আলি আকবর, বাবুলসহ লোহাগাড়ার সকল স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা বলেন, সমমর্যাদার অন্য দফতরের কর্মচারীরা বিভিন্ন সময় নির্বাহী আদেশে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেয়েছেন। কিন্তু স্বাস্থ্য সহকারীরা এখনও পূর্বের গ্রেডেই রয়ে গেছেন। দীর্ঘদিন ধরে নিয়োগবিধি সংশোধন ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যখন উচ্চ গ্রেডে উন্নীত হচ্ছেন, তখন স্বাস্থ্য সহকারীরা উপেক্ষিত থাকায় বৈষম্য তৈরি হয়েছে। এটি আমাদের জন্য অপমানজনক। এ অবস্থায় দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো—
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেড প্রদান। ২. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারী কর্মীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া।৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। ৪. সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা। ৫. বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা। ৬. ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























