
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
আজ (৯ আগস্ট) শনিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের পর দ্রুততার সঙ্গে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তসহ প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি বা শিথিলতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং তা আরও উন্নতির প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ বা তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানান।
এর আগে সকালে তিনি বারোইপাড়া গ্রামে সূধী সমাবেশে যোগ দেন এবং শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
অনুষ্ঠানগুলোতে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, রোটেক্স ফাউন্ডেশনের রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা অনলাইন 



















