
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধার ওপর নৃশংস হামলা রাজনৈতিক সহনশীলতার ঘাটতির স্পষ্ট উদাহরণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।
সমাবেশে জেলা দক্ষিণের সাবেক সভাপতি আয়ুব আলী বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে।
মিছিলে জেলা সেক্রেটারি ডি. এম আসহাব উদ্দিনসহ, বিভিন্ন উপজেলা শাখার নেতারা, পাচ শতাধিক ছাত্রশিবির কর্মী অংশ নেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















