
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। সনদের বাইরে বিএনপির কোনো ভিন্ন অবস্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি বলেন, “যে বিষয়গুলো জাতীয়ভাবে ঐকমত্যের মাধ্যমে গৃহীত হয়েছে, সেগুলো নিয়েই আমরা ঐক্যবদ্ধ থাকবো। যেটা ঐকমত্য হয়েছে, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদরাসার মাঠে অনুষ্ঠিত পেকুয়া উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন এবং পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের কল্যাণে— শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার জন্য। এসব লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই জাতীয় ঐক্যের ভিত্তিতেই বিএনপি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিয়েছে। জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো দলটি বাস্তবায়ন করবে বলেও তিনি জানান।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সেই মূলনীতি বিলুপ্ত করা হয়েছে। বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে সংবিধানের মূলনীতিতে আবারও মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে— এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে ওলামাদলের কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব কারি আতাউল্লা গণির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























