
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপিজামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট দলীয় রাজনৈতিক জোট আরও বিস্তৃত হলো। এই জোটে নতুন করে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোট সম্প্রসারণের এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন দুই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তবে এ সময় এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জামায়াতের আমির জানান, সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগেই এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে তারা জোটে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এনসিপি নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রাতের মধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আগে থেকেই জামায়াত নেতৃত্বাধীন এই জোটে ছিল আটটি রাজনৈতিক দল। সেগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এলডিপি ও এনসিপি যুক্ত হওয়ায় জোটের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক 




















