
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সরবরাহ সংকট তৈরির অভিযোগে একটি হিমাগারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চর খাগরিয়া এলাকায় অবস্থিত মেসার্স বার আউলিয়া হিমাগারে পরিচালিত অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে সেখানে প্রায় ৭৫০ থেকে ১ হাজার মেট্রিক টন খেজুর মজুদ রাখা হয়েছে। প্রশাসনের প্রাথমিক ধারণা, রমজান উপলক্ষে বাজারে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়ানোর উদ্দেশ্যেই এসব খেজুর সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযান চলাকালে হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষণ ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়। এ কারণে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারায় মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতা প্রতিরোধে হিমাগারে কোনো পণ্য সাত দিনের বেশি সংরক্ষণ না করার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভোক্তা স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান উপলক্ষে খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























