
মানুষের অকুণ্ঠ ভালোবাসা, আস্থা ও বিপুল সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গভীর আবেগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন,
“লোভ–লালসার ঊর্ধ্বে উঠে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।”
আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়ার ছমদর পাড়ায় ফুলেল শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি স্মরণ করিয়ে দেন নির্বাচনী প্রতিশ্রুতির কথা—
“আমি বলেছিলাম, আপনারা আমাকে একটি ভোট ভিক্ষা দিন, আমি পাঁচ বছর আপনাদের গোলাম হয়ে থাকবো। আপনারা সেই ভোট দিয়েছেন। এখন আপনাদের সেবা করাটাই আমার জীবনের প্রধান কাজ।”
শাহজাহান চৌধুরী আরও বলেন, সততা, বিবেক ও সামর্থ্য কাজে লাগিয়ে উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে তিনি আজীবন কাজ করে যাবেন। এলাকার যেকোনো সমস্যা, সংকট ও সম্ভাবনায় তিনি সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ডা. নুরুল হক, অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, মো. শাহ আলম, মাস্টার জাহাঙ্গীর আলম, প্রবীণ শিক্ষক মাস্টার সুনীল কুমার চৌধুরী, প্রদীপ কুমার দাস, পলাশ দাস, ব্যবসায়ী নেতা আহমদ হোসাইন ও আলমগীর কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
এছাড়াও ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। সর্বস্তরের মানুষের উপস্থিতি ও আন্তরিক শুভেচ্ছায় দিনটি পরিণত হয় এক মিলনমেলায়—যেখানে ছিল ভালোবাসা, আশা এবং উন্নয়নের নতুন স্বপ্ন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























