
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, তিনি আসনের জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি চট্টগ্রাম-৯ আসনের সকল ভোটার, দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। নির্বাচনে অংশগ্রহণ করা অন্য দলের প্রার্থী ও ভোটারদেরও অভিনন্দন জানাই, যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে উৎসবমুখর।”
আবু সুফিয়ান বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে যারা ভূমিকা রেখেছেন—রিটানিং অফিসার, নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ, এবং গণমাধ্যমকর্মীদের প্রতি।
তিনি আরও জানান, জনগণ যে আস্থা দিয়েছেন, সেই আস্থা রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। “নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছি, জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করবো। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি কখনোই অন্যায় ও অনৈতিক কাজে ক্ষমতাকে ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকি, সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব—ইনশাআল্লাহ্।”
নিজস্ব প্রতিবেদক 
























