
চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে দোহাজারী পৌরসভার সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি ডাকাতদল সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড ঈদপুকুরিয়া এলাকার আব্দুস সালাম ওরফে শহিদের ছেলে মো. হৃদয় (২৩) এবং একই পৌরসভার ২নং ওয়ার্ড চাগাচর এলাকার পেঠান আলীর ছেলে মোরশেদ (২১)।
ওসি গোলাম সারোয়ার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















