
রায়হান সিকদারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ও নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এখন খুব ব্যস্ত, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীনভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনী উচ্ছ্বাস ও আমেজ তৈরী হচ্ছে। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ। সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৫ আসন। দুই উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড, পাড়া মহল্লায়, হাট-বাজারে ও বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে পথসভা, গণসংযোগ লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রার্থীসহ নিজ নিজ দলীয় নেতা-কর্মীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে লড়ছেন সাবেক দুবারের সংসদ সদস্য,আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি তথা ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে লড়ছেন নাজমুল মোস্তফা আমিন।
বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীক নিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করেছেন। পাচ্ছেন ব্যাপক সাড়াও। গণসংযোগ কালে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেছেন।
তিনি প্রথম দিন থেকেই বিরামহীন গণসংযোগ করে যাচ্ছেন। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকাকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে ধানের শীষে ভোট কামনা করেছেন তিনি
সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, এ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ধানের শীষে আমাকে নির্বাচিত করলে এলাকাকে একটি নিরাপদ,সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত উপজেলা গড়তে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নে অবদান রাখতে পারব।
এদিকে, এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়াও পাচ্ছেন।এলাকার ভোটাররা তাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করারও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিগত ১৯৯১ এবং ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া থেকে আমি দুবার এমপি নির্বাচিত হয়েছিলাম। মানুষের উন্নয়নে পাশে থাকার চেষ্ঠা করেছি। নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি,ব্যাপক সাড়াও পাচ্ছি। এলাকায় মানুষের মাঝে দাঁড়িপাল্লা’ প্রতীককে ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
একটি ইনসাফ, ন্যায়, সুশাসন, নৈতিক রাজনীতি ও জনকল্যাণভিত্তিক উন্নয়নের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে দাঁড়িপাল্লা কে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী। তিনিও জয়ের ব্যাপারে অনেক আশাবাদি বলেও জানান।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর থেকেই চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া) উপজেলা জুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছ এবং প্রতিটি জনপদ এখন নির্বাচনী আমেজ সৃষ্ঠি হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















