
চট্টগ্রাম নগরে প্রথমবারের মতো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে এই ট্র্যাক নির্মাণ করা হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শনকালে মেয়র এ তথ্য জানান।
কী থাকছে প্রকল্পে?
পরিকল্পনা অনুযায়-
রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে নির্মিত হবে মিড আইল্যান্ড
দুই পাশে থাকবে দৃষ্টিনন্দন ফুটপাত
এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে
পাশাপাশি থাকবে নির্দিষ্ট সাইকেল ট্র্যাক
মেয়র বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আধুনিকায়নের লক্ষ্য
ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরে ব্যাপক শিল্পায়ন ঘটবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামো নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি যাত্রী এই সড়ক ব্যবহার করেন। তাই এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো নির্মাণ সময়ের দাবি। সাইকেল ট্র্যাক চালু হলে পরিবেশবান্ধব যাতায়াত বাড়বে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
পর্যটন ও জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব
মেয়র জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত বর্তমানে নগরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। সৈকত ও বিমানবন্দর সড়ক সংযুক্ত করে নিরাপদ সাইকেল লেন নির্মিত হলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে যানজট ও দূষণ কমবে, পাশাপাশি স্বাস্থ্যসচেতন জীবনযাপনে নাগরিকরা উৎসাহিত হবেন।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন শহরে সাইকেল লেন নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের একটি নতুন অধ্যায় সূচিত হবে।
কাজের অগ্রগতি ও নির্দেশনা
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক নির্মাণকাজে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
এ সময় চসিকের প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, যুবদল নেতা মোহাম্মদ মুছাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















