
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—নুসরাত জাহান (২০), রফিকুল ইসলাম (২১), নুর আলম (৩২), রুবি আক্তার (১৯),
জয়নাল আবেদীন (৩৮), মো. ওসমান (৪০), মালেকা আক্তার (৪০), মো. খলিল (৪০) ও খালেক (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী আসিফুর রহমান জানান, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল এবং প্রাইভেটকারটি বিপরীতমুখী ছিল। সংঘর্ষ এড়ানোর চেষ্টা করতে গিয়ে বাসটি মহাসড়কের পাশের বিলের মধ্যে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও প্রাইভেটকার উদ্ধার করেছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















