
চট্টগ্রামের পটিয়ার বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস হানিফ পরিবহন নামে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাসটি বেপরোয়া গতিতে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় বাসের যাত্রীদের মধ্যে অন্তত ২৮ জন আহত হন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার সাংবাদিকদের জানান, আহতদের তাৎক্ষণিকভাবে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে কেউ গুরুতর নয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা সাংবাদিকদের জানান, আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















