
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবেশে পাচারকালে ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
(৫ নভেম্বর) বুধবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছায়রাখালী এলাকার ছিড়াপাহাড় মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মোহাম্মদ শফি (৪৩), কাগজিখোলা গ্রামের আমির হোসাইন (৫৪) ও গর্জনীয়া ইউনিয়নের রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার বিকেলে তাঁদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 




















