রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রিসাইডিং অফিসারসহ ছয়জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছে ৯ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগামে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য, পাঁচজন আনসার রয়েছে।
নিহতরা হলেন— প্রিসাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, আইন-শৃঙ্খলা বাহিনী ভিডিপি সদস্য মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাঘাইছড়ি উপজেলার ৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি বাঘাইহাট থেকে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টায় দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাতারি ব্রাশফায়ার করে। এতে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন।
রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতাহতরা নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়িতে ফিরছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















