
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তারেক রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশান আজাদ মসজিদে আসরের নামাজ শেষে এ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও পরকালীন মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও দোয়ায় অংশ নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনা করেন।
মিলাদ মাহফিলে তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। পাশাপাশি তার স্মরণে দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















