
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরের বাসন থানায় এ মামলা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
এর আগে এক ব্যক্তিকে চিহ্নিত ৬-৭ সন্ত্রাসী চাপাতি দিয়ে হামলা করে। ওই ঘটনা সাংবাদিক তুহিন ভিডিও করেন।এর জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
ঘটনার পর হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
দেশ বাংলা অনলাইন 



















