
চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার আগেই ফলাফল সংক্রান্ত শিটে স্বাক্ষর করার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ উত্থাপিত হলে নির্বাচন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা হলেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম।
প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, এটা একটু ভুলবোঝাবুঝি হয়েছে। ধানের শীষের প্রার্থীর লোকজনের অভিযোগে আমাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা মেলায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 























