
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দক্ষিণ চাকফিরানি হযরত চিংগী শাহ (রহ.) জামে মসজিদ ও তালিমুল কুরআন হিফয মাদ্রাসার উদ্যোগে পবিত্র কুরআন হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী অনুষ্ঠান (২ ডিসেম্বর) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী কোরআনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়িত হলে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অনৈতিকতা দূর হবে এবং শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি বলেন, কুরআনে হাফেজগণ জাতির গর্ব ও কুরআনের জীবন্ত বাহক। তাদের দায়িত্ব শুধু কুরআন মুখস্থ করা নয়, বরং কুরআনের আদর্শ নিজ জীবনে বাস্তবায়ন করে সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করা। বর্তমান নৈতিক অবক্ষয়ের এই সময়ে কুরআনি শিক্ষার বিস্তার অত্যন্ত জরুরি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, গ্রামে-গঞ্জে গড়ে ওঠা হিফয মাদ্রাসাগুলো ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনদার, চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। এসব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও টিকিয়ে রাখতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের কুরআনি শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানান।
দস্তারবন্দীপ্রাপ্ত হাফেজদের উদ্দেশ্যে তিনি বলেন, কুরআনের হাফেজ হওয়া যেমন সম্মানের, তেমনি তা বড় দায়িত্বেরও। কুরআনের আলোয় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এতে বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জুনায়েদ চৌধুরী সহ স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















