
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার–১ আসন (চকরিয়া–পেকুয়া) থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজারে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। তাঁর ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম জানান, ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজার–১ আসনে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি নিজ গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সিকদারপাড়ায় যান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। এর মধ্যে চকরিয়ায় ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন এবং পেকুয়ায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন ভোটার রয়েছেন। এই আসন থেকে সালাহউদ্দিন আহমদ তিনবার এবং তাঁর স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দেশ বাংলা অনলাইন 



















