
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটে তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত ওসমান হাদির কবরস্থানে পৌঁছে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আবুল কালাম, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক শীর্ষ নেতা।
এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।
তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত কেউ পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) চিকিৎসাধীন না থাকায় সেখানে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।
এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ লাখো মানুষের উপস্থিতি দেখা যায়।
দেশ বাংলা অনলাইন 



















