
সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
সাতকানিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানালেন চট্রগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সরকার দলীয় সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।
গত সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সাতাকানিয়া-লোহাগাড়ায় যা উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি উল্লেখ করে তিনি বলেন ‘উন্নয়নের এ অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট চাই’।
আগামী ৩০ তারিখের নির্বাচনে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগকে নৌকার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আহবান জানান আবু রেজা নেজামুদ্দীন নদভী।
নৌকা মার্কার সমর্থনে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও মতবিনিময় সভা শুরুর আগে বিকাল সাড়ে চারটায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল সাতকানিয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,মিছিলে নেতাকর্মীদের হাতে কাগজের তৈরী ছোট বড় নৌকা শোভা পায়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আসাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম ইদ্রিছ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দীন,যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী এবং মিডিয়া ব্যাক্তিত্ব আসিফ ইকবাল প্রমূখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















