
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এ হামলার ঘটনা ঘটে বলে আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম আডেন আল-গাদ জানিয়েছে, রাহাভির সঙ্গে তাঁর কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি রাজধানীর বাইরে হুতিদের শীর্ষ বৈঠককে লক্ষ্য করে চালানো আরেকটি অভিযানের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। ওই বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, নিহত রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তাঁর সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। অপরদিকে এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
দেশ বাংলা অনলাইন 

























