
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সিগন্যাল কেবিন পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া(৪০) নামে সিএনজি চালক নিহত হয়েছে এবং শিশু সহ ৭জন আহত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কনক বড়ুয়া উপজেলার আধুনগন মছদিয়া বড়ুয়া পাড়া এলাকার রমেশ বড়ুয়ার পুত্র। নিহত সিএনজি চালক এক ছেলে এক মেয়ে সন্তানের জনক।
আহতেরা হলেন যথাক্রমে উপজেলার আধুনগর ৭নাম্বার ওয়ার্ডের হাজির রাস্তা এলাকার হোসনে আরা বেগম (মা),নাজমুল হুদা (৫৭), রোজা (১০মাস),লিলি আকতার ( চাচি), রোমাইছা (৫ বছর), কানিজ ফাতেমা (৩৪) তারা সবাই একই পরিবারের সদস্য এবং পিক-আপের হেলপার মো. হাসান (১৭) আহত হন।
এ ঘটনার পরপরই সেনাবাহিনী, দোহাজারি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
নিহত কনক বড়ুয়ার বড় ভাই ধানাই বড়ুয়া বলেন, সিএনজিটি আমার।আমার ছোট ভাই গাড়িটি ভাড়া চালায়। সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আমার ভাই খবরটি শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দেখি রক্তাক্ত অবস্থা। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পথে আমার ভাই কনক বড়ুয়া প্রান হারায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সার্জেন্ট আবদুল মাতিন সালাফি ও এসআই আবদুস সাত্তার ও সঙ্গীয় পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
