
সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মহান সওয়াবের কাজ—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত “রমাদান কমিউনিটি ইফতার–২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রমজান ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই ৭০০ জন রোজাদারকে নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অসহায় পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান, পবিত্র এই মাসে মানবসেবায় আত্মনিয়োগ করতে।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘নুরে হাবিব ভিলা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদ, ব্যাংকার আমিনুল হক, ডা. রাগিবুল ইসলাম এবং ডা. এস. এম. তাজওয়ার তাহিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
