
চট্টগ্রামের সাতকানিয়ার নয়াখাল এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার মহাসড়কের নয়াখাল কেরানীহাট সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। পাশাপাশি একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, কৃষিজমির উর্বর মাটি কাটার গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন নয়াখাল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। পাশাপাশি একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।
তিনি বলেন, কৃষিজমির উর্বর মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি খাদ্যনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 