
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে সেনাসদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। এ সময় পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, এবার দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে হয়নি। তাই জনগণের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে হবে এবং কোনো দূরত্ব থাকলে তা ঘুচিয়ে নিতে হবে। তিনি সতর্ক করে দেন, সেনাসদস্যদের কোনোভাবেই প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
ভুয়া তথ্য প্রচারের বিষয়েও তিনি সতর্ক করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে হবে, যাতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তাই প্রত্যেক সেনাসদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে চেইন অব কমান্ড অক্ষুণ্ন রেখে দায়িত্ব পালন করতে হবে।
দেশ বাংলা অনলাইন 



















