
ইসলামী ব্যাংকের দায়ের করা অর্থঋণ মামলায় এস আলম শিল্প গ্রুপের প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোক রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিচারক এ নির্দেশ দেন।
মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ক্রোকাদেশ বহাল থাকবে।
বেঞ্চ সহকারী মো. এরশাদ জানিয়েছেন, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা গত ১৮ জুন এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেডের বিরুদ্ধে ২ হাজার ২৮০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মামলা করে। ঋণ আদায়ে ঝুঁকি থাকায় ব্যাংকের আবেদনের ভিত্তিতে আদালত ঢাকার ধানমন্ডি, মিরপুর ও গুলশানের বিভিন্ন স্থানের মোট ৩০৬ শতক জমি, সূত্রাপুরের দুটি ফ্ল্যাট এবং পূবালী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় চেকমূলে লিয়েন থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা ক্রোকের নির্দেশ দেন।
ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী, এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেড এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ২০০০ সাল থেকে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে কাঁচামাল আমদানি ও বিক্রি করত। ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ২৮০ কোটি ২৮ লাখ টাকা।
ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দীন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঋণ আদায়ে তৎপরতা বাড়ানো হলেও প্রতিষ্ঠানটির কর্ণধাররা ঋণ পরিশোধে আগ্রহ দেখাননি। ফলে মামলা করার পর সম্পত্তি ক্রোকের আবেদন জানানো হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে যে, ইসলামী ব্যাংক থেকে একাই প্রায় ৮৮ হাজার কোটি টাকা নিয়েছে বিতর্কিত এস আলম গ্রুপ। এর মধ্যে মাত্র খাতুনগঞ্জ শাখা থেকেই নেওয়া হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। মামলায় বিবাদী করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ, তাঁর ভাই ও কোম্পানির চেয়ারম্যান আবদুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি এবং অন্যান্য গ্যারান্টরদের।
দেশ বাংলা অনলাইন 



















