
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজির বিষয়ে ফেসবুক লাইভ করার পরদিনই মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ঘটনার আগের দিন বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন তুহিন। লাইভের কিছু সময় পর রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।”
এর কিছুক্ষণ পরই মসজিদ মার্কেটের সামনে বসে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত তুহিনকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায় ও জবাই করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশে লোকজন থাকলেও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারেননি কেউ।
ঘটনার পরপরই খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, “হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 



















