
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
বিশিষ্ট শিক্ষাবিদ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, ইসলাম মানুষকে শান্তিপ্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। যতদিন মানুষ মানুষকে ভালোবাসবেনা ততদিন পৃথিবী অশান্তই থেকে যাবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোন শিক্ষা ইসলামে পাওয়া যায় না। আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সুতরাং সব ধর্মের মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যুগে যুগে পীর-আউলিয়া ও দরবেশগণ এভাবেই শান্তির ধর্ম ইসলামের প্রচার প্রসারে কাজ করে গেছেন। মানবজাতির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শই হচ্ছে সর্বোত্তম দিক নিদর্শন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। তিনি বলেন, কোরআন-সুন্নার আলোকে জীবন গড়তে পারলে ইহকাল ও পরকালের কামিয়াবী সম্ভব।
তিনি ২২ফেব্রুয়ারি শণিবার রাত আটটায় লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান শাহ রশিদিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি সাইফুদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আ.ন.ম নোমান।
মাহফিলে সম্মানিত মেহমান ছিলেন পীর সাহেব গারাংগিয়া হযরত শাহ মাওলানা হাফেজ মাহমুদুল হাসান ছিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড.গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















