
টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় হ্রদের অতিরিক্ত পানি নিয়ন্ত্রণে আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান রোববার (৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ ফুট মিন সি লেভেল (MSL)। তিনি বলেন, পানির স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সময়মতো জলকপাট খুলে পানি নিঃসরণ করা হবে।
এদিকে পানির প্রবাহ বাড়ায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটই সচল রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।
পানির স্তর নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান কেন্দ্র সংশ্লিষ্টরা।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















