
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্তির সময় মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ করা হয়েছে। এতে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর মধ্য দিয়ে বোমাং সার্কেলের রাজপুত্র সাচিং প্রু জেরীর রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রী হলেন—ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সাচিং প্রু জেরী বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র। রাজপরিবারের উত্তরাধিকার বহন করার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাচিং প্রু জেরী। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই এবার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। ফলে পাহাড়ের রাজপরিবারের সঙ্গে দেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই সংযোগ নতুন মাত্রা পেল।
সাচিং প্রু জেরীর বাবা অং শৈ প্রু চৌধুরী। তাঁর মামি মা ম্যা চিং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য। সম্প্রতি তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
বোমাং রাজপরিবারের ঐতিহ্য, পাহাড়ি জনপদের রাজনীতি এবং দীর্ঘদিনের বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতা—এই তিন পরিচয়ের সমন্বয়ে সাচিং প্রু জেরীর মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ বান্দরবানের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।
দেশ বাংলা অনলাইন 









