লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৬ জুন (শুক্রবার)সন্ধ্যা ৭টায় লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হাটহাজারী ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতের নাম আইয়ুব আলী (৭০)।সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরী পাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র।
পুলিশ জানান, ২০০১ সালের নভেম্বরে লোহাগাড়ায় আমিরখান পাড়ায় জমি বিরোধের জের ধরে মাহমুদুল হক নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়। ঘটনার ৪মাস পর ২০০২ সালে সে মামলার প্রধান স্বাক্ষী ব্যবসায়ী জানে আলমকে ও হত্যা করা হয়। ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় ২০০৭ সালে আইয়ুব আলী সহ ১২ জনের মৃত্যুদন্ডের রায় দেন আদালত। ২১বছর বিভিন্ন বেশে পলাতক ছিলেন তিনি।পরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান বলেন,ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলী দীর্ঘ একুশ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সন্ধ্যায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।