আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, এদিন তিনি চকরিয়া ও পেকুয়ার একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং চকরিয়ায় একটি জনসভায় ভাষণ দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রক্ষমতায় আসার পর এই প্রথম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলায় প্রশাসন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম এক বার্তায় সম্ভাব্য সফরসূচির তথ্য জানান।
সাফারি পার্কে শুরু হবে কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকালে বিমানে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন। সেখানে পার্ক পরিদর্শনের পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
শহীদ ওয়াসীমের কবর জিয়ারত
সাফারি পার্কের কর্মসূচি শেষে তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন।
পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পেকুয়ায় জিয়ারত শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। পরে চকরিয়ায় ফিরে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমে অংশ নেবেন।
চকরিয়ায় জনসভায় ভাষণ
একই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজারে রাত্রিযাপন
জনসভা শেষে তিনি কক্সবাজার জেলা শহরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দ্বিতীয় দিনে সুধী সমাবেশ
সফরের দ্বিতীয় দিন ১৫ জুন সকালে কক্সবাজারে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সেদিনই তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।