কক্সবাজার সফরে গিয়ে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন তিনি। পরে দিনের বিভিন্ন কর্মসূচি শেষে একইভাবে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কেও পৌঁছান প্রধানমন্ত্রী।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি চালকের আসনে বসেন এবং বহর নিয়ে রওনা হন পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থলের উদ্দেশে।
সেখানে পৌঁছে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
কক্সবাজার সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন। সেখানে মাছুমঘাট সংরক্ষিত বনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর গাড়িতে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী হাসিনা আহমেদ। পুরো পথজুড়ে হাজারো স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কেউ ফুল ছিটিয়ে, কেউবা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাকে।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ জনমনে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে এবং বিষয়টি দিনজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।