ঝোড়ো বৃষ্টি আর বিদ্যুৎহীন অন্ধকার—এই সুযোগেই ঘটে গেল চাঞ্চল্যকর চুরি। পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার বাড়িও রক্ষা পেল না চোরের হাত থেকে!
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে সোমবার (১৬ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। ঠিক তখনই সক্রিয় হয়ে ওঠে চোর চক্র।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অত্যন্ত কৌশলে ক্যামেরার নজর এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে চোরেরা। এরপর বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায় তারা। চুরি হওয়া এসব তারের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশপ্রধানের বাড়িতে চুরি—এ ঘটনায় দ্রুত নড়েচড়ে বসে জেলা পুলিশ। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে একাধিক টিম।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার ভাঙারি দোকানের মাধ্যমে বিক্রি করা হতে পারে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জড়িতদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
আইজিপির বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ—নিরাপত্তা নিয়ে উঠছে নতুন প্রশ্ন।