চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় যানজট নিরসন ও জনস্বাস্থ্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
(২৪ আগস্ট) রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও মহাসড়ক দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে আবারও সড়ক দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ডাস্টবিনের পাশে রান্নার ব্যবস্থা, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং লাইসেন্স জনিত ত্রুটির কারণে আল মদিনা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের মধ্যে সব কাগজপত্র নবায়ন করার শর্তে অঙ্গীকারনামা নেওয়া হয়। অপরদিকে, হালাল বেকারিকে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।