প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ১:৩৮ পি.এম
সাতকানিয়ায় রাতভর অভিযানে অপহৃত উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে অপহরণের শিকার হওয়া জাহির উদ্দিন মিন্টুকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই এই সফল অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জুন দুপুর ১১টা ৩০ মিনিটে মরফলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহির উদ্দিন মিন্টুকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং অর্থ না দিলে হত্যার হুমকিও দেয়। উপরোক্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ও ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা যৌথ অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন পারভেজ। রাতভর অভিযান শেষে ১২ জুন ভোর ৫টা ৩০ মিনিটে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় যৌথ টহল দল। তবে অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারের পর জাহির উদ্দিন মিন্টুকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে, অপহরণের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত