সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি হওয়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে ব্যক্তি নয়, অনুষ্ঠানের উদ্দেশ্য, বিষয়বস্তু ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক—ব্যবহার করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে ফুটে ওঠে এবং জনসাধারণ সহজেই তা বুঝতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ এবং এটি অনতিবিলম্বে কার্যকর হবে।