প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লি সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে তিনি নির্ধারিত কর্মসূচি বাতিল করেন।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে রোববার বিকেলে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম ভারতের নিরাপত্তা সংস্থার একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এরপর তাকে অতিরিক্ত যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য আলাদা রাখা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ সময় ধরে যাচাই প্রক্রিয়া চলার পর ডা. জাহেদ উর রহমান নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটি মূলত প্রশাসনিক ত্রুটি ও তথ্য হালনাগাদে বিলম্বের ফল। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম প্রত্যাহার করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো যুক্ত হয়নি। ফলে বিমানবন্দরের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় তার নাম শনাক্ত হলে সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হয়।
এ ঘটনার কারণে আইওআরএ সম্মেলনে তার অংশগ্রহণ আর সম্ভব হয়নি এবং সফর সংক্ষিপ্ত করে তাকে দেশে ফিরতে হয়েছে।