নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ভাইরাল ঘটনার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুটির ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে মাধবদী থানায় মামলা দায়ের হলে আসামিকে গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লতা বেগমকে। এছাড়া তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।
ঘটনার পর লতা বেগম আত্মগোপনে গেলেও এর আগে তার স্বামী ও বাবাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।