বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত, দক্ষ ও মেধাবী প্রজন্ম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা, বিতর্ক, কুইজ, বিজ্ঞান মেলা ও অন্যান্য শিক্ষামূলক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখে।
তিনি বলেন, "শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ থাকলে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। তার সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে নিয়মিত শিক্ষামূলক প্রতিযোগিতার বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আগামীতে আরও বেশি পরিসরে বৃত্তি পরীক্ষা, কুইজ, বিতর্ক ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।"
শনিবার (২ মে) দুপুরে সাতকানিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ হলরুমে আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস্টার মো. শাহজাহানের সভাপতিত্বে এবং অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ইঞ্জিনিয়ার শামসুল আলম এবং আশ শেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।