রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব জলদাশ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
রবিবার(২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা গোলাম নবী হাজির ঘাটার উত্তর পার্শ্বে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই বিকাশ জল দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জয়দেব জলদাশ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকর মুক্তিযোদ্ধা স্বপন জলদাশের পুত্র।
নিহতের ছোটভাই বিকাশ জল দাশ জানান,তার বড় ভাই জয়দেব বাড়ি থেকে আমিরাবাদে দোকানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। কিছুক্ষণ পর দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে যান। পিছন থেকে আরেকটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে চমকে নেয়ার পথে তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।ঘাতক ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।
নিহত জয়দেব জল দাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।