লোহাগাড়া প্রতিনিধিঃ
হাইকোর্টের নির্দেশের পর চট্টগ্রামের লোহাগাড়ায় দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়ে আরও তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।
এই সময় মেসার্স এস.বি.এন ব্রিকস প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- চরম্বা নয়া বাজারস্হ জামাল কোম্পানীর মালিকানাধীন মেসার্স এস.এম.বি ব্রিকস,চরম্বা মাইজবিলা এলাকাস্হ শাহ আলম কোম্পানির মালিকানাধীন মেসার্স এস.বি.এন ব্রিকস এবং গুরা মিয়া কোম্পানির মালিকানাধীন মেসার্স সি.বি.এম।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এসময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, পরিদর্শক নুর হাসান সজীব, চুনতি ডলুবিট কর্মকর্তা মোঃ মুনতাসির।
অভিযানে ফায়ার সার্ভিস, র্যাব-৭ চট্টগ্রাম জেলা পুলিশ ও পদুয়া বনবিভাগের টিম সার্বিক সহযোগীতা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আজকেও লোহাগাড়ায় তিনটি অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটা রয়েছে। সব জায়গায় অভিযান চলতেই থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্যঃ গত সোমবার দিনব্যাপী লোহাগাড়া উপজেলার পদুয়ায়, কলাউজান, চুনতি এলাকায় চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।